পুরনো বিশ্বব্যবস্থার শেষে নতুন দিগন্ত
আগের আলাপে রবুবিয়তকে বাম-ডান রাজনীতির বাইরে পালনের রাজনীতি হিসেবে বোঝার চেষ্টা করা হয়েছিল। সেখানে প্রশ্ন ছিল: কোনো মতাদর্শ, দল, রাষ্ট্র, বাজার, আন্দোলন বা প্রতিষ্ঠান জীবনকে পালন করছে, নাকি জীবনকে দমিয়ে রাখছে? এবার প্রশ্নটি আরও পেছনে যেতে চায়। কেন আদৌ আমাদের নতুন রাজনৈতিক দিগন্ত দরকার? কেন প্রচলিত ভাষা, প্রচলিত ক্যাম্প, প্রচলিত মতাদর্শ, প্রচলিত উন্নয়ন, প্রচলিত রাষ্ট্রচিন্তা—এসব দিয়ে আমাদের সময়কে ধরা যাচ্ছে না? কারণ আমাদের সমস্যা শুধু রাজনৈতিক ব্যবস্থার সমস্যা নয়। শুধু দুর্নীতি, স্বৈরাচার, অদক্ষতা, দলীয়করণ, প্রতিষ্ঠানহীনতা বা নেতৃত্বের সংকট নয়। এগুলো অবশ্যই আছে। কিন্তু এগুলোর নিচে আরও গভীর কিছু আছে। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যার কাঠামো তৈরি হয়েছে ঔপনিবেশিক সহিংসতা, সাম্রাজ্যিক লুণ্ঠন, জ্ঞানগত অধীনতা, অর্থনৈতিক নির্ভরতা, জাতিগত শ্রেণিবিন্যাস, উন্নয়নের নামে নিয়ন্ত্রণ, এবং মানুষের মর্যাদাকে অসমভাবে বিতরণের ইতিহাসের ওপর দাঁড়িয়ে।
এই অর্থে ঔপনিবেশিকতা শেষ হয়ে যায়নি। পতাকা বদলেছে, প্রশাসন বদলেছে, সংবিধান এসেছে, জাতীয় সংগীত এসেছে, রাষ্ট্র এসেছে—কিন্তু পৃথিবীর নৈতিক বিন্যাস বদলায়নি। কে জ্ঞান উৎপাদন করবে, কে তত্ত্ব দেবে, কে ডেটা হবে, কে case study হবে, কে সাহায্য পাবে, কে সাহায্য দেবে, কে civilized, কে backward, কে donor, কে beneficiary—এই বিন্যাস এখনো গভীরভাবে ঔপনিবেশিক। কিন্তু এখন পরিস্থিতি আরও কঠিন। কারণ পুরনো বিশ্বব্যবস্থা শুধু অন্যায় নয়; তা ক্রমশ অকার্যকরও হয়ে উঠছে। যে ব্যবস্থাকে এতদিন উন্নয়ন, নিরাপত্তা, growth, progress, modernisation, global order—এসব নামে চালানো হয়েছে, সেটিই এখন পৃথিবীর জীবনধারণের শর্তগুলোকে ধ্বংস করছে। আমরা শুধু অন্যায়ের পৃথিবীতে বাস করছি না; আমরা এমন এক ব্যবস্থার ভাঙনের মধ্যে বাস করছি, যে ব্যবস্থা নিজেই সংকট উৎপাদন করে। এই জায়গায় polycrisis-এর ভাষা জরুরি। কারণ আজকের সংকটগুলো আলাদা আলাদা সংকট নয়। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, খাদ্যনিরাপত্তা, ঋণ, জ্বালানি, অভিবাসন, নগর অনিশ্চয়তা, মানসিক স্বাস্থ্য, প্রযুক্তিগত নজরদারি, ecological collapse—এসব একে অন্যকে বাড়িয়ে তুলছে। এক জায়গায় বন্যা হলে শুধু ঘর ভাঙে না; ঋণ বাড়ে, কাজ হারায়, শহরে চাপ বাড়ে, খাদ্যের দাম বাড়ে, রাজনৈতিক অস্থিরতা বাড়ে, সামাজিক সম্পর্ক ভাঙে, মানুষ ভবিষ্যৎ কল্পনা করার শক্তি হারায়। পুরনো রাজনীতি এই জটিলতাকে ধরতে পারে না। কারণ পুরনো রাজনীতি crisis-কে আলাদা আলাদা sector হিসেবে দেখে: climate policy, economic policy, migration policy, urban policy, security policy, development policy। কিন্তু বাস্তব জীবন sector অনুযায়ী ভাঙা নয়। মানুষের জীবন একসঙ্গে ভাঙে। নদী শুকালে শুধু পরিবেশ বদলায় না; রিজিক বদলায়, শরীর বদলায়, স্মৃতি বদলায়, পরিবার বদলায়, বিশ্বাস বদলায়, শহরের দিকে গমন বদলায়, রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বদলায়। রবুবিয়ত এইখানে একটি অন্য দৃষ্টিভঙ্গি দেয়। এটি বলে: পৃথিবীকে sector হিসেবে নয়, আমানত হিসেবে দেখতে হবে। মানুষ, মাটি, পানি, বায়ু, জীবিকা, শরীর, সম্পর্ক, জ্ঞান, স্মৃতি, ভবিষ্যৎ—এসব আলাদা আলাদা policy object নয়। এগুলো একটি পালিত জীবনের পরস্পর-জড়ানো শর্ত। কোনো এক শর্ত ভাঙলে অন্যগুলোও কেঁপে ওঠে। তাই রাজনীতির প্রশ্ন শুধু “কোন নীতি কার্যকর?” নয়; বরং “কোন ব্যবস্থা জীবনকে পালনযোগ্য রাখছে?” জলবায়ু পরিবর্তন এই প্রশ্নকে সবচেয়ে নির্মমভাবে সামনে এনেছে। Climate change আসলে carbon-এর সংকট যতটা, তার চেয়েও বেশি পালনের সংকট। আধুনিক বিশ্ব প্রকৃতিকে নিয়েছে, কিন্তু পালন করেনি; নদীকে ব্যবহার করেছে, কিন্তু নদীর জীবন বোঝেনি; মাটিকে উৎপাদনের ক্ষেত্র বানিয়েছে, কিন্তু মাটির ক্লান্তি শোনেনি; শ্রম নিয়েছে, কিন্তু শ্রমিকের মর্যাদা পালন করেনি; শহর বানিয়েছে, কিন্তু শহুরে জীবনের ভঙ্গুরতা বোঝেনি। ফলে climate justice শুধু ক্ষতিপূরণ, প্রযুক্তি স্থানান্তর বা adaptation finance-এর প্রশ্ন নয়। এটি এক গভীর রবুবিয়তি প্রশ্ন: যাদের জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা কি কেবল সাহায্যপ্রার্থী, নাকি তারা পৃথিবীকে পুনরায় পালন শেখানোর জ্ঞানবাহক?
আজকের পৃথিবীতে climate change আমাদের দেখিয়ে দিয়েছে যে old world order-এর তিনটি বড় মিথ ভেঙে পড়ছে। প্রথমত, অসীম প্রবৃদ্ধির মিথ—যেন পৃথিবীকে অনন্ত resource হিসেবে ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, উন্নয়নের সিঁড়ির মিথ—যেন সবাইকে একই পথে “উন্নত” হতে হবে, এবং পশ্চিমা আধুনিকতাই সেই পথের শেষ ধাপ। তৃতীয়ত, নিয়ন্ত্রণের মিথ—যেন যথেষ্ট data, finance, technology, security, management থাকলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যাবে। Polycrisis এই তিনটি মিথের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। জলবায়ু পরিবর্তন দেখিয়েছে পৃথিবী অনন্ত নয়। ঋণ ও বৈষম্য দেখিয়েছে উন্নয়নের সিঁড়ি অনেকের জন্য ফাঁদ। যুদ্ধ ও displacement দেখিয়েছে নিরাপত্তা-রাষ্ট্র মানুষকে নিরাপদ করে না। AI ও surveillance দেখিয়েছে প্রযুক্তি মুক্তির পাশাপাশি নতুন domination-ও তৈরি করতে পারে। মানসিক স্বাস্থ্য সংকট দেখিয়েছে material abundance মানুষকে শান্তি দেয় না। Ecological collapse দেখিয়েছে growth-এর ভাষা জীবনের ভাষা নয়। এই কারণে আমাদের old world order-এর বাইরে যেতে হবে। কিন্তু বাইরে যাওয়া মানে শুধু নতুন geopolitical alignment নয়—East vs West, China vs US, BRICS vs G7—এসবই যথেষ্ট নয়। এগুলো অনেক সময় পুরনো ক্ষমতার ভাষাকেই নতুন ব্লকে সাজায়। এক সাম্রাজ্যের বদলে আরেক সাম্রাজ্য, এক মুদ্রার বদলে আরেক মুদ্রা, এক নিরাপত্তা-জোটের বদলে আরেক জোট, এক development bank-এর বদলে আরেক bank—এসব কাঠামোগতভাবে জরুরি হতে পারে, কিন্তু নৈতিকভাবে যথেষ্ট নয়। কারণ সমস্যা শুধু কে নেতৃত্ব দিচ্ছে তা নয়; সমস্যা হলো নেতৃত্বের কল্পনাটাই কী। পৃথিবীকে কি আবারও resource frontier, market, labour pool, data zone, carbon sink, investment destination, security threat—এসব হিসেবে দেখা হবে? নাকি পৃথিবীকে আমানত হিসেবে দেখা হবে? মেজরিটি ওয়ার্ল্ডকে কি আবারও cheap labour, climate victim, geopolitical partner, aid recipient, বা emerging market হিসেবে দেখা হবে? নাকি তাকে ভবিষ্যৎ চিন্তার সহ-নির্মাতা হিসেবে দেখা হবে? এই জায়গায় আন্দ্রে ভ্লচেকের কাজ আমাদের অস্বস্তিকরভাবে মনে করিয়ে দেয় যে সাম্রাজ্য শুধু সৈন্য, পতাকা বা বন্দুক দিয়ে কাজ করে না। সাম্রাজ্য কাজ করে গল্প দিয়ে, মিডিয়া দিয়ে, মানবিকতার নির্বাচিত ভাষা দিয়ে, কার কষ্ট দৃশ্যমান হবে আর কার কষ্ট পরিসংখ্যান হয়ে যাবে—এই ক্ষমতা দিয়ে। কোন মৃত্যু tragedy, কোন মৃত্যু collateral damage; কোন দেশ unstable, কোন দেশ strategic; কোন প্রতিবাদ freedom struggle, কোন প্রতিবাদ disorder—এসব ভাষার মধ্যেও সাম্রাজ্য কাজ করে। কিন্তু ঔপনিবেশিকতার বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু রাগের রাজনীতি তৈরি করা নয়। কারণ রাগ দরকার, কিন্তু রাগ যথেষ্ট নয়। ক্ষত চিনতে হবে, কিন্তু ক্ষতকে একমাত্র পরিচয় বানালে চলবে না। প্রতিরোধ দরকার, কিন্তু প্রতিরোধ যদি শুধু প্রতিশোধের ভাষায় আটকে যায়, তাহলে তা আর পালনের রাজনীতি থাকে না। তখন তা আবারও মানুষের ভেতরের ভঙ্গুরতা, ভালোবাসা, পুনর্গঠন, ক্ষমা, মেরামত, সম্পর্ক, সৌন্দর্য—এসবকে দুর্বলতা ভাবতে শুরু করে। এ কারণেই নতুন রাজনৈতিক দিগন্ত দরকার। কারণ পুরনো রাজনৈতিক ভাষাগুলোর বড় অংশই ক্ষমতার ভাষা। কেউ রাষ্ট্র দখল করতে চায়, কেউ বাজার খুলতে চায়, কেউ বিপ্লব আনতে চায়, কেউ শৃঙ্খলা ফেরাতে চায়, কেউ সংস্কার করতে চায়, কেউ উন্নয়ন করতে চায়। কিন্তু খুব কম ভাষা আছে যা জিজ্ঞেস করে: মানুষ এত ক্লান্ত কেন? সমাজ এত নিষ্ঠুর কেন? গরিব মানুষের মর্যাদা এত সহজে কেন নষ্ট হয়? কেন আমাদের প্রতিষ্ঠান মানুষকে বড় না করে ছোট করে? কেন আমরা একে অন্যকে এত দ্রুত সন্দেহ করি? কেন সত্য বলা এত বিপজ্জনক? কেন ভালোবাসা রাজনৈতিক শব্দ নয়? রবুবিয়ত এখানেই একটি ভিন্ন দরজা খোলে। এটি বলে, রাজনীতির শেষ লক্ষ্য শুধু মুক্তি নয়, শুধু ন্যায় নয়, শুধু উন্নয়ন নয়, শুধু অধিকার নয়—এসবের সঙ্গে সঙ্গে পালনও। কারণ মুক্ত মানুষ যদি একা থাকে, সে ভেঙে যায়। অধিকার পাওয়া মানুষ যদি সম্পর্কহীন থাকে, সে নিরাপদ হয় না। উন্নয়ন যদি মানুষকে তার মাটি, স্মৃতি, নদী, ভাষা, পরিবার, বিশ্বাস, প্রতিবেশ, ভেতরের শান্তি থেকে বিচ্ছিন্ন করে, তাহলে তা পালনের উন্নয়ন নয়। ন্যায় যদি দয়া হারায়, তা শাস্তি হয়ে যায়। সত্য যদি মমতা হারায়, তা অপমান হয়ে যায়। ভালোবাসা ছাড়া রাজনীতি শেষ পর্যন্ত মানুষের ওপর আরেকটি যন্ত্র বসায়।
এই কারণে আমাদের kindness এবং love-এর দর্শন দরকার। কিন্তু এই kindness কোনো দুর্বল sentimental কথা নয়। এটি কোনো soft liberal compassion নয়, যেখানে ধনী মানুষ গরিবকে একটু সহানুভূতি দেখাবে। এটি কোনো দানশীলতার ভাষাও নয়। রবুবিয়তের আলোকে kindness মানে সৃষ্টির প্রতি দায়িত্বশীল কোমলতা। Love মানে শুধু আবেগ নয়; love মানে অন্যের মর্যাদা নষ্ট না করে পৃথিবী গড়ার রাজনৈতিক সামর্থ্য। Polycrisis-এর যুগে kindness হলো survival infrastructure. Love হলো civilisational intelligence. যে সমাজ দুর্বলকে ফেলে দেয়, সে climate future টিকিয়ে রাখতে পারবে না। যে রাষ্ট্র মানুষের কণ্ঠকে ভয় পায়, সে সংকটের সময়ে সত্য জানতে পারবে না। যে বাজার সবকিছুকে দামে অনুবাদ করে, সে জীবনের অমূল্য সম্পর্কগুলো রক্ষা করতে পারবে না। যে রাজনীতি শত্রু ছাড়া নিজেকে চিনতে পারে না, সে ভাঙা পৃথিবী মেরামত করতে পারবে না। তাই love মানে sentimental escape নয়; love মানে এমন রাজনৈতিক শক্তি, যা জীবনকে ব্যবহার না করে ধারণ করতে শেখে। এখানে kindness হলো একধরনের নৈতিক শক্তি। যে শক্তি মানুষকে category হিসেবে দেখে না। যে শক্তি বলে, slum dweller শুধু informal settler নয়; migrant শুধু labour নয়; woman শুধু vulnerable group নয়; youth শুধু demographic dividend নয়; farmer শুধু food producer নয়; river শুধু resource নয়; forest শুধু carbon sink নয়; city শুধু infrastructure নয়; religion শুধু identity নয়; knowledge শুধু output নয়। প্রতিটি সত্তার মধ্যে আছে সম্পর্ক, স্মৃতি, ব্যথা, আকাঙ্ক্ষা, রিজিক, vulnerability, এবং আল্লাহর সৃষ্টির মর্যাদা। মেজরিটি ওয়ার্ল্ড—যাকে এতদিন “Third World”, “developing world”, “Global South” ইত্যাদি নামে ডাকা হয়েছে—আসলে সংখ্যাগরিষ্ঠ মানবতার পৃথিবী। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানবতাকে রাজনৈতিকভাবে minoritised করা হয়েছে। সংখ্যায় তারা বেশি, কিন্তু তত্ত্বে তারা কম। অভিজ্ঞতায় তারা গভীর, কিন্তু জ্ঞানে তাদের peripheral করা হয়েছে। তারা ইতিহাসের প্রধান ভুক্তভোগী, কিন্তু ভবিষ্যতের ভাষা লেখার অধিকার তাদের হাতে দেওয়া হয়নি। তারা জলবায়ু বিপর্যয়ের সামনের সারিতে, কিন্তু জলবায়ু নীতির ভাষা অন্য কোথাও লেখা হয়। তারা শ্রম দেয়, কিন্তু value অন্যত্র জমা হয়। তারা শহর গড়ে, কিন্তু শহরের মালিক হয় না। এই minoritisation শুধু অর্থনৈতিক নয়, epistemic। আমাদের বলা হয়েছে আমরা পিছিয়ে আছি। আমাদের বলা হয়েছে আমাদের উন্নত হতে হবে। আমাদের বলা হয়েছে আমাদের শিখতে হবে। কিন্তু খুব কম জিজ্ঞেস করা হয়েছে—আমরা কী জানি? আমরা কীভাবে বেঁচে আছি? আমাদের সমাজ কীভাবে ভাঙনের মধ্যেও সম্পর্ক ধরে রাখে? আমাদের ধর্মীয়, নৈতিক, লোকজ, প্রতিবেশগত, নারীমুখী, শ্রমমুখী, নদীমুখী, মাটিমুখী জ্ঞানগুলো কীভাবে পৃথিবীর ভবিষ্যৎ পুনরায় চিনতে সাহায্য করতে পারে? রবুবিয়তের নতুন দিগন্ত এই প্রশ্ন তুলতে পারে: মেজরিটি ওয়ার্ল্ড কি শুধু উন্নয়নের অপেক্ষায় থাকা অঞ্চল, নাকি পৃথিবীকে আবার পালন শেখানোর এক গভীর উৎস? যাদের ভেতরে এত ক্ষত, এত বঞ্চনা, এত জলবায়ু ঝুঁকি, এত শহুরে অনিশ্চয়তা, এত অসমতা—তাদের ভেতরেই কি এমন কিছু জ্ঞান আছে যা আধুনিকতার ক্লান্ত পৃথিবী হারিয়ে ফেলেছে? যেমন সম্পর্কের ওপর নির্ভরতা, সামষ্টিকতা, বরকতের ধারণা, সীমার বোধ, রিজিকের নৈতিকতা, মাটির সঙ্গে সম্পর্ক, মৃত্যুর স্মৃতি, প্রতিবেশের দায়, অদৃশ্য শ্রমের মূল্য, এবং মানুষের দুর্বলতার প্রতি সহনশীলতা।
এই জায়গায় নতুন রাজনৈতিক দিগন্ত মানে শুধু নতুন manifesto নয়। এটি নতুন moral imagination। এমন এক কল্পনা যেখানে রাজনীতি আবার মানুষের ভেতরের দরদকে ভয় পাবে না। যেখানে love শিশুসুলভ শব্দ নয়, বরং সভ্যতা পুনর্গঠনের শর্ত। যেখানে kindness শাসকের উদারতা নয়, বরং ন্যায়বিচারের গভীরতম অবকাঠামো। যেখানে ক্ষমতা মানে নিয়ন্ত্রণ নয়, পালন। যেখানে উন্নয়ন মানে growth নয়, flourishing। যেখানে স্বাধীনতা মানে বিচ্ছিন্ন individual choice নয়, মর্যাদাপূর্ণ সম্পর্কের মধ্যে বাঁচার সুযোগ। এই নতুন দিগন্তে decolonisation মানে শুধু পশ্চিমবিরোধিতা নয়। বরং decolonisation মানে এমন সব কাঠামোকে প্রশ্ন করা, যা মানুষকে নিজের চাওয়া, নিজের ভাষা, নিজের স্মৃতি, নিজের ঈমান, নিজের জ্ঞান, নিজের ভবিষ্যৎ থেকে বিচ্ছিন্ন করে। এটি যেমন সাম্রাজ্যকে প্রশ্ন করবে, তেমনি স্থানীয় এলিটকেও প্রশ্ন করবে। যেমন donor template-কে প্রশ্ন করবে, তেমনি নিজের সমাজের নিষ্ঠুরতাকেও প্রশ্ন করবে। যেমন পশ্চিমা আধিপত্যকে প্রশ্ন করবে, তেমনি নিজস্ব পিতৃতন্ত্র, শ্রেণি-অহংকার, বর্ণবাদ, ধর্মীয় ভণ্ডামি, শহুরে অবজ্ঞা, গরিববিদ্বেষ—এসবকেও প্রশ্ন করবে। কারণ রবুবিয়ত কোনো romantic South তৈরি করে না। মেজরিটি ওয়ার্ল্ড পবিত্র নয়। আমাদের সমাজেও জুলুম আছে, নিষ্ঠুরতা আছে, ভণ্ডামি আছে, নারী-বিদ্বেষ আছে, শ্রেণি-অহংকার আছে, ধর্মের নামে নিয়ন্ত্রণ আছে, উন্নয়নের নামে উচ্ছেদ আছে, পরিবারে দমন আছে, রাজনীতিতে মিথ্যা আছে। কিন্তু রবুবিয়ত বলবে: এই সমাজগুলোকে শুধু ব্যর্থতা হিসেবে দেখো না। এগুলো আহত সমাজ। আহত সমাজকে শুধু reform করা যায় না; তাকে heal করতেও হয়। শুধু institution-building যথেষ্ট নয়; moral repair দরকার। শুধু policy যথেষ্ট নয়; পালনের সংস্কৃতি দরকার। এখানেই polycrisis-এর ভাষাও বদলে যায়। অনেক সময় polycrisis বলা হয় যেন পৃথিবী একটা complicated system, আর আমাদের শুধু better governance, better modelling, better coordination, better finance দরকার। এগুলো দরকার, কিন্তু যথেষ্ট নয়। কারণ polycrisis শুধু systems failure নয়; এটি moral failure. পুরনো বিশ্বব্যবস্থা efficiency চেয়েছে, কিন্তু care ভুলেছে। growth চেয়েছে, কিন্তু limits ভুলেছে। security চেয়েছে, কিন্তু dignity ভুলেছে। freedom চেয়েছে, কিন্তু responsibility ভুলেছে। innovation চেয়েছে, কিন্তু humility ভুলেছে। রবুবিয়ত polycrisis-এর ভাষাকে নৈতিক গভীরতা দেয়। এটি বলে, সংকটগুলো এত জটিল হয়েছে কারণ আমরা পৃথিবীকে পালনযোগ্য সম্পর্কের জাল হিসেবে দেখিনি। আমরা নদীকে drain করেছি, বনকে market করেছি, শ্রমকে cheap করেছি, migration-কে threat করেছি, গরিবকে data করেছি, knowledge-কে expertise করেছি, development-কে spectacle করেছি, এবং ভবিষ্যৎকে debt-এর ওপর দাঁড় করিয়েছি। তাই polycrisis-এর উত্তরে শুধু policy coordination যথেষ্ট নয়। দরকার এক নতুন ethics of interdependence. দরকার এমন রাজনীতি, যা বুঝবে: এক জায়গার অতিভোগ অন্য জায়গার বন্যা হয়ে ফিরে আসে; এক দেশের carbon অন্য দেশের ঘর ভাঙে; এক শ্রেণির luxury অন্য শ্রেণির displacement তৈরি করে; এক শহরের cleanliness অন্য প্রান্তের waste mountain তৈরি করে; এক জ্ঞানের ক্ষমতা অন্য জ্ঞানের নীরবতা তৈরি করে। রবুবিয়ত এই interdependence-কে শুধু ecological fact হিসেবে না, spiritual-political responsibility হিসেবে দেখে। কারণ যদি সৃষ্টির সবকিছু সম্পর্কের মধ্যে থাকে, তাহলে কোনো ক্ষত একা থাকে না। নদীর ক্ষত মানুষের শরীরে আসে। মাটির ক্ষত খাদ্যে আসে। শ্রমের ক্ষত পরিবারে আসে। স্মৃতির ক্ষত রাজনীতিতে আসে। মর্যাদার ক্ষত প্রজন্মে আসে। আর ভবিষ্যতের ক্ষত বর্তমানের সিদ্ধান্তে জন্ম নেয়।
এইখানে love রাজনৈতিক হয়ে ওঠে। Love মানে অপরাধের বিচার বন্ধ করা নয়। Love মানে accountability এড়ানো নয়। Love মানে সবকিছু ক্ষমা করে দেওয়া নয়। বরং love মানে এমন ন্যায়, যা মানুষকে শেষ করে দিতে চায় না; মেরামতের সম্ভাবনা রাখে। Love মানে এমন সত্য, যা অপমানের জন্য নয়, মুক্তির জন্য বলা হয়। Love মানে এমন রাজনীতি, যা দুর্বলকে ব্যবহার করে না, শত্রুকেও dehumanise করে না, এবং victory-কে domination বানায় না। আমাদের নতুন রাজনৈতিক দিগন্ত দরকার কারণ মানবতা এখন কেবল প্রযুক্তিগত সংকটে নেই; নৈতিক সংকটে আছে। AI, climate change, war, migration, inequality, ecological collapse—এসব শুধু policy problem নয়। এগুলো civilization problem। আমরা পৃথিবীকে জিনিস বানিয়েছি, মানুষকে data বানিয়েছি, সম্পর্ককে transaction বানিয়েছি, প্রকৃতিকে asset বানিয়েছি, জ্ঞানকে career বানিয়েছি। এখন দরকার এমন ভাষা, যা আবার সৃষ্টিকে amanah হিসেবে দেখতে শেখায়। রবুবিয়ত সেই ভাষা হতে পারে, যদি আমরা তাকে সংকীর্ণ ধর্মীয় স্লোগানে নামিয়ে না আনি। রবুবিয়ত কোনো দলীয় ইসলামী রাজনীতি নয়। রবুবিয়ত হলো সৃষ্টির প্রতি আল্লাহর পালনসম্পর্ক থেকে শেখা মানবিক-রাজনৈতিক নৈতিকতা। এর মধ্যে আছে রিজিক, রহমত, মেরামত, সীমা, দায়, বিচার, ধৈর্য, সুন্দরভাবে কাজ করা, ভঙ্গুরকে বহন করা, এবং জীবনের সম্ভাবনাকে নষ্ট না করা। এটি এমন এক horizon, যা secular-humanist ভাষার সঙ্গে কথাও বলতে পারে, decolonial ভাষার সঙ্গে কথাও বলতে পারে, ecological ভাষার সঙ্গে কথাও বলতে পারে, কিন্তু নিজের গভীরতা হারায় না। এই দিগন্ত আমাদের শেখাতে পারে যে রাজনীতি শুধু শত্রু চিহ্নিত করার শিল্প নয়; রাজনীতি সম্পর্ক পুনর্গঠনের শিল্প। রাজনীতি শুধু ভবিষ্যৎ দখলের প্রকল্প নয়; ভবিষ্যৎকে পালনযোগ্য করে তোলার দায়। রাজনীতি শুধু ক্ষোভের বিস্ফোরণ নয়; ক্ষোভের পর মেরামতের ধৈর্য। রাজনীতি শুধু সত্য বলা নয়; সত্য বলার নিরাপদ পরিবেশ তৈরি করা। রাজনীতি শুধু ক্ষমতা বদল নয়; ক্ষমতার চরিত্র বদল। তাই প্রশ্নটি এখন আর শুধু: কোন ব্যবস্থা ভালো? কোন মতাদর্শ সঠিক? কোন দেশ উন্নত? কোন মডেল সফল? প্রশ্নটি আরও গভীর: কোন দিগন্ত মানুষকে মানুষ হিসেবে দেখতে পারে? কোন রাজনীতি মেজরিটি ওয়ার্ল্ডের ক্ষতকে শুধু দুঃখ হিসেবে নয়, জ্ঞানের উৎস হিসেবে বুঝতে পারে? কোন দর্শন kindness-কে দুর্বলতা নয়, সভ্যতার শক্তি হিসেবে কল্পনা করতে পারে? কোন রাজনৈতিক ভাষা love-কে ব্যক্তিগত আবেগ থেকে বের করে ন্যায়, পালন, মেরামত ও মুক্তির অবকাঠামো বানাতে পারে? শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক দিগন্ত দরকার, কারণ পুরনো পৃথিবী মানুষকে বাঁচিয়ে রাখলেও পালন করতে পারছে না। সে উন্নয়ন দেয়, কিন্তু মর্যাদা দেয় না। সে অধিকার দেয়, কিন্তু আশ্রয় দেয় না। সে স্বাধীনতা দেয়, কিন্তু সম্পর্ক ভেঙে দেয়। সে জ্ঞান দেয়, কিন্তু বিনয় শেখায় না। সে শক্তি দেয়, কিন্তু দায় শেখায় না। সে climate finance দেয়, কিন্তু ecological humility শেখে না। সে security দেয়, কিন্তু ভয় কমায় না। সে innovation দেয়, কিন্তু wisdom তৈরি করে না।
রবুবিয়ত আমাদের আবার সেই হারানো প্রশ্নে ফিরিয়ে নেয়: ক্ষমতা দিয়ে আমরা কী করছি? জ্ঞান দিয়ে আমরা কাকে বড় করছি? উন্নয়ন দিয়ে কী মেরামত করছি? জলবায়ু ন্যায়ের নামে আমরা কি শুধু নতুন প্রকল্প বানাচ্ছি, নাকি জীবনকে পালনযোগ্য করছি? Polycrisis-এর মুখে আমরা কি শুধু survival চাই, নাকি flourishing?